২০২৪ সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর আইনি জটিলতা ও মামলার কারণে লাল-সবুজের জার্সিতে খেলা হয়নি তার, এমনকি দেশের মাটিতেও ফিরতে পারেননি। এর আগে একবার দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই পর্যন্ত এলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে তাকে ফিরে যেতে হয়।
সম্প্রতি সাকিবের দেশে ফেরা এবং আসন্ন পাকিস্তান সিরিজে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তবে এর মধ্যেই নানা 'যদি-কিন্তু'র আলোচনা সামনে এসেছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান পরিষ্কার করেছেন বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার মাহফিল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি সাকিবের বিষয়ে কথা বলেন।
সাকিবের আইনি প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে ফারুক আহমেদ বলেন, "সাকিবের ব্যাপারটা নিয়ে ক্রিকেট বোর্ডের যা যা করণীয় ছিল, তার সবই করা হয়েছে। মামলার প্রয়োজনীয় কাগজপত্রগুলো সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের দিক থেকে কাজ শেষ, এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।"
পাশাপাশি দেশের ক্রিকেটের স্বার্থে সংশ্লিষ্ট সবার মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "আমি মনে করি, ক্রিকেট বোর্ড, খেলোয়াড়, সাংবাদিকসহ আমরা যারা ক্রিকেটের সঙ্গে জড়িত আছি, সবার মধ্যে একটি সুসম্পর্ক ও সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। কারণ, দিনশেষে আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।"
মানবকণ্ঠ/আরআই




Comments