টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন..)
শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
দলীয় সূত্রে জানা যায়, তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলাসহ একাধিক মামলার পর তিনি গোপনে দেশ ত্যাগ করেন বলে জানা যায়। পরবর্তীতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের অনুমতি পাওয়া গেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) মিলবে বলে আশা করা হচ্ছে। এর আগে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়ার কথা রয়েছে।
জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরে তার স্ত্রীও মেডিকেল ভিসায় সেখানে যোগ দেন। সেখানেই পরিবারসহ অবস্থানকালে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।




Comments