মধ্যপ্রাচ্যজুড়ে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ভয়াবহ সামরিক সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে। নিরাপত্তার স্বার্থে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে সংশ্লিষ্ট রুটের বোর্ডিং পাস ইস্যু ও ইমিগ্রেশন কার্যক্রম।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
রাষ্ট্রীয় ও বেসরকারি এয়ারলাইনসগুলো জানিয়েছে— দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে এসে চরম ভোগান্তিতে পড়েছেন। কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে না এসে সংশ্লিষ্ট এয়ারলাইনস অফিস বা কল সেন্টারের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা জেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় অনেক ফ্লাইট বাতিল, বিলম্ব বা পুনর্নির্ধারণ করা হয়েছে। এয়ারলাইনসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে যাত্রীদের আগাম তথ্য জানিয়ে দেয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যের আকাশে সংঘাতের অনিশ্চয়তা দ্রুত না কাটলে ঢাকার ফ্লাইট সূচিতে এই বিপর্যয় আরও দীর্ঘস্থায়ী হতে পারে।
মানবকণ্ঠ/ডিআর




Comments