Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে এক সৌজন্য ও হাস্যোজ্জ্বল সাক্ষাৎ হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে দীর্ঘদিনের রাজনৈতিক তিক্ততা ভুলে একে অপরকে খোঁচা ও রসিকতায় মাতেন তারা।

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটোয়ারী ও মির্জা আব্বাসের দেখা হলে তাদের মধ্যে ঢাকা-৮ আসনের নির্বাচন নিয়ে মজার কথোপকথন হয়। উল্লেখ্য, ওই নির্বাচনে মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন পাটোয়ারী, যা নিয়ে পরবর্তীতে তিনি কারচুপির অভিযোগ তুলেছিলেন।

মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি লিখেছেন, ‘আব্বাস ভাইকে বললাম—ছোট ভাইয়ের সঙ্গে এগুলো না করলেও পারতেন। এরপর তাঁকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম। ইফতার শেষে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আব্বাস ভাই আমাকে বললেন, “দুষ্টুমি করবা না।” জবাবে আমি বললাম—ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’

কেবল মির্জা আব্বাসই নন, ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও কথা বলেন এনসিপি নেতা পাটোয়ারী। তিনি প্রধানমন্ত্রীকে কৌতুক করে বলেন, ‘বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল।’ জবাবে প্রধানমন্ত্রী জানান, এই কর্মসূচি খুব শিগগিরই সারা বাংলাদেশে বড় পরিসরে চালু হবে।

এছাড়া জামায়াতে ইসলামীর আমীরের কাছে দোয়া চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান নাসীরুদ্দীন পাটোয়ারী। মঈন খানও তাঁকে নিজের বাসায় আসার আমন্ত্রণ জানান বলে তিনি পোস্টে উল্লেখ করেন। 

মানবকণ্ঠ/ডিআর