মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির উত্তেজনায় ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে চরম ভোগান্তিতে পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীম। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় মাঝপথ থেকেই তার বিমান জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে হাজারো যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছেন এই তারকা উইকেটরক্ষক ব্যাটার।
পবিত্র ওমরাহ পালন শেষে আজ শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু বিমানটি উড্ডয়নের পর মাঝ আকাশে থাকা অবস্থায় যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাইসহ সংশ্লিষ্ট অঞ্চলের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে নিরাপত্তা ঝুঁকির কারণে বিমানটি পুনরায় জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে।
জেদ্দা বিমানবন্দরে আটকে থাকা অবস্থায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুশফিক। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ওমরাহ শেষ করে আজ সকালে এমিরেটসের ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশের পথে রওনা হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আছি।’
অনিশ্চয়তার কথা জানিয়ে মুশফিক লেখেন, ‘একমাত্র সর্বশক্তিমান আল্লাহ জানেন কখন এবং কীভাবে আমি অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় পৌঁছাতে পারবো। সবার কাছে দোয়া প্রার্থী।’
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কয়েকশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা পথ পরিবর্তন করা হয়েছে। এতে করে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ও ওমরাহ যাত্রী আটকা পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি ঠিক কখন ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।




Comments