মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৩৪১ টাকা বহাল থাকবে। আজ সন্ধ্যা ৬টা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও অটোগ্যাসের দাম সামান্য কমানো হয়েছে। মার্চ মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম (মূসকসহ) ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের দাম সবশেষ সমন্বয় করা হয়েছিল। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২৮ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল। সেই দামটিই চলতি মার্চ মাসে এলপিজির ক্ষেত্রে অপরিবর্তিত থাকছে।
প্রতি মাসের আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে এলপি গ্যাসের দাম নির্ধারণ করে থাকে বিইআরসি। আজ ঘোষিত নতুন এই মূল্য তালিকার মাধ্যমে অটোগ্যাস ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পেলেও রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্রাহকদের জন্য খরচের কোনো পরিবর্তন আসছে না।
মানবকণ্ঠ/আরআই




Comments