পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইনি জটিলতা এবং ফিটনেস ইস্যুতে সাকিবকে দলের বাইরে রেখেই সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড জমা দিয়েছেন নির্বাচকরা।
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিবের নামে বর্তমানে একাধিক মামলা ঝুলে রয়েছে, যার নিষ্পত্তি এখনো হয়নি। বিসিবি চাইছে এই আইনি সমস্যাগুলো সমাধান করে তবেই তাঁকে দেশে ফেরাতে। সাকিবের আইনজীবীদের পক্ষ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে তা ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কক্সবাজারে অবস্থানরত বিসিবি পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেন, "সাকিবের আইনি বিষয়গুলো নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি যৌথভাবে কাজ করছে।" তবে সেই প্রক্রিয়া সম্পন্ন হতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে, যা পাকিস্তান সিরিজের আগে সম্ভব নয়।
আইনি ঝামেলার পাশাপাশি সাকিবের ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে। দীর্ঘ সময় দলের সঙ্গে অনুশীলনের বাইরে থাকায় তাঁকে এই সিরিজের বিবেচনায় রাখেননি নির্বাচকরা। জানা গেছে, সাকিবের অনুপস্থিতিতে পাকিস্তান সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ পেসার নাহিদ রানা এবং অলরাউন্ডার আফিফ হোসেনকে। ইতিমধ্যে নির্বাচক প্যানেল তাদের চূড়ান্ত দল বোর্ডে জমা দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments