Image description

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ থাকায় গত ছয় দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে এসব ফ্লাইট বাতিল হয়।

বেবিচকের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) আরও ৩৪টি ফ্লাইট বাতিলের তালিকায় যুক্ত হয়েছে।

আজ বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে—এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ১০টি, কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি এবং গালফ এয়ারের ২টি ফ্লাইট।

এদিকে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা এবং কুয়েতগামী তাদের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ-আমেরিকা অভিমুখী আকাশপথে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে।

মানবকণ্ঠ/আরআই