পারস্য উপসাগরের উত্তর অংশে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাংকারে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যরা পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবস্থানরত একটি মার্কিন ট্যাংকার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলায় ট্যাংকারটিতে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোকে পাহারা দেবে। ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালীতে তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। বর্তমানে এই সমুদ্রপথ দিয়ে তেল ও গ্যাস রপ্তানি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান।
আইআরজিসি জানিয়েছে, তাদের জলসীমায় মার্কিন বা ইসরাইলি কোনো বাণিজ্যিক বা সামরিক নৌযান চলাচল করতে দেওয়া হবে না। এই হামলাকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি কড়া সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এমন সময়ে পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার ঘটনা বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের সংকটের শঙ্কা তৈরি করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments