Image description

লেবানন সীমান্তে সামরিক অভিযান পরিচালনার সময় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের ছেলে আহত হয়েছেন। এই ঘটনায় তার ছেলেসহ মোট ৯ জন ইসরায়েলি সেনা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) ভোরে উত্তর ইসরায়েলে লেবানন সীমান্তের কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ছোড়া একটি রকেট আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় আহত ৯ জনই ইসরায়েলি সেনাবাহিনীর 'গিভাতি ব্রিগেড'-এর সদস্য। হামলার পরপরই আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মাত্রা বহুগুণ বেড়েছে, যা ওই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে চরম উদ্বেগজনক করে তুলেছে।

প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ তার চরম কট্টরপন্থী অবস্থানের জন্য পরিচিত। কিছুদিন আগেই তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজার খান ইউনিস শহরের মতো ধ্বংসস্তূপে পরিণত করার প্রকাশ্য হুমকি দিয়েছিলেন।

মানবকণ্ঠ/আরআই