Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা বলা যেমন বড় পাপ, তেমনি কারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনাম করা আরও বড় অপরাধ। তিনি সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে রমনা থানা বিএনপি।

বক্তব্যে মির্জা আব্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমালোচনা করে বলেন, তার এলাকায় নির্বাচন সুষ্ঠু হলে প্রতিপক্ষ এত ভোট পেত না। তিনি দাবি করেন, ভোট কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা–৮ আসনের একটি ওয়ার্ডেও এমন কোনো আত্মীয়ের নাম বলা যাবে না, যিনি তার প্রতিদ্বন্দ্বীকে ভোট দিয়েছেন। অন্যদিকে তিনি নিজে অনেক ভোটারের নাম উল্লেখ করতে পারবেন যারা তাকে ভোট দিয়েছেন বলে দাবি করেন।

মির্জা আব্বাস অভিযোগ করেন, কিছু ভোটকেন্দ্রে রাতে পাহারা দিয়ে ভোট রক্ষা করতে হয়েছে। তার মতে, তা না হলে অনেক কেন্দ্রেই সিল মেরে ভোট নিয়ে নেওয়া হতো। তিনি এটিকে “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” বলে উল্লেখ করেন এবং বলেন, এর দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে।

তিনি আরও বলেন, তার এলাকায় পরাজয়ের কোনো ইতিহাস নেই এবং স্থানীয়ভাবে তার অনেক আত্মীয়-স্বজন ও সমর্থক রয়েছে। তাই কীভাবে প্রতিপক্ষ এত ভোট পেল, সেটি নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং দাবি করেন যে এ বিষয়ে তিনি প্রমাণ দিতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফুল ইসলাম। সঞ্চালনা করেন মোহাম্মদ শামীম হোসেন। ইফতার মাহফিলে ঢাকা মহানগরসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই