মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে দ্রুত সহিংসতা বন্ধ এবং কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি ইরানের সার্বভৌমত্ব রক্ষা ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
শনিবার (৭ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক টেলিফোন সংলাপে রুশ প্রেসিডেন্ট এই আহ্বান জানান। ফোনালাপে পুতিন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। অন্যদিকে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বর্তমান যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ চিত্র পুতিনকে অবহিত করেন।
ফোনালাপের পর ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, রাশিয়া জরুরিভিত্তিতে ইরানে যাবতীয় সহিংসতা বন্ধের দাবি জানাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিদ্যমান সমস্যা সমাধানে বলপ্রয়োগের পথ ত্যাগ করে সব পক্ষকে রাজনীতি ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুতিন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট পুতিন ইরান এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে রাশিয়ার পূর্ণ সংহতি রয়েছে বলে তিনি পেজেশকিয়ানকে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘ ২১ দিনের সংলাপ কোনো প্রকার সমঝোতা ছাড়াই গত ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিশ্বশান্তির পক্ষে রাশিয়ার এই শক্তিশালী অবস্থান সামনে এলো।
মানবকণ্ঠ/ডিআর




Comments