যুক্তরাষ্ট্রে ভ্রমণ ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা জারি করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির করদাতাদের অর্থে পরিচালিত কোনো জনহিতকর বা সরকারি সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণ, পড়াশোনা বা কাজের জন্য স্থায়ীভাবে অযোগ্য হওয়ার ঝুঁকি রয়েছে।
শনিবার (৭ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বার্তায় উল্লেখ করা হয়, “যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় নিশ্চিত করুন যে, আপনার সব খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। এর মধ্যে ভ্রমণে কোনো অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটা বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির ব্যয়ও অন্তর্ভুক্ত।”
দূতাবাস আরও সতর্ক করে দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত বিভিন্ন সুবিধার অপব্যবহার করলে তার পরিণাম হতে পারে দীর্ঘমেয়াদী। এর ফলে আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য আইনিভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন। মূলত পর্যটন ভিসায় গিয়ে সরকারি চিকিৎসা বা অন্যান্য সুবিধা গ্রহণ থেকে বিরত থাকার লক্ষ্যেই এই কঠোর বার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভিসা আবেদনের সময় ভ্রমণকারীকে আর্থিক সক্ষমতার যে প্রমাণ দিতে হয়, তার বাইরে গিয়ে সে দেশে পৌঁছানোর পর জনস্বার্থের জন্য বরাদ্দকৃত তহবিলের ওপর নির্ভরশীল হওয়াকে মার্কিন অভিবাসন আইনে নেতিবাচকভাবে দেখা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments