টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রানের রেকর্ড গড়েছে ভারত। আজ রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ২৫৫ রান করে টিম ইন্ডিয়া।
ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের ফাইনালের মতো স্নায়ু চাপের ম্যাচে এটাই দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ফাইনালে কোনো দল এত রান করতে পারেনি।
বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১২০ বলে ২৫৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে অতীতে তিন ম্যাচে ভারতের বিপক্ষে না হারলেও আজ ভারতকে হারানো কঠিন হয়ে যাবে নিউজিল্যান্ডের জন্য।
তার কারণ, ভারতের ১ লাখ ২০ হাজার দর্শকদের গর্জন আর ভারতীয় নিয়ন্ত্রিত বোলিং সামলে রানের পাহাড় ডিঙ্গে জয় ছিনিয়ে নেওয়া ব্লাক ক্যাপসদের জন্য সহজ হবে না।
তবে অসম্ভব বলতে কিছু নেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আড়াই শ রান তাড়া করেও জয়ের রেকর্ড আছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিপক্ষে ২৫৮ রান তাড়া করে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
আজ ভারত টস হেরে প্রথমে ব্যাট করে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চলাতে থাকে। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারেই ভারত করে বিনা উইকেটে ৯২ রান। প্রথম ১০ ওভারে টিম ইন্ডিয়া তুলে ১ উইকেটে ১২৭। পরের ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১২৮ রান। ইনিংসের ১৬তম ওভারে ভারত হারায় ৩ উইকেট। তবে শেষ ওভারে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে শিবম দুবে করে ২৪ রান।
ভারতের হয়ে ৪৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন ওপেনার সাঞ্জু স্যামসন। ৮ ছক্কায় ইনিংসটি সাজানোর পথে টি-টোয়েন্টি বিশ্বকাপের একারের আসরে সর্বোচ্চ ছক্কার মালিকও হন তিনি।
আরেক ওপেনার অভিষেকের ব্যাট থেকে এসেছে ২১ বলে ৫২ রানের ইনিংস। ৭.১ ওভারে উদ্বোধনী জুটিতে ভারত করে ৯৮ রান। ২৫ বলে ৫৪ রান করে আউট হন ইশান কিশান। স্যামসনের সঙ্গে ৪৮ বলে ১০৫ রানের জুটি গড়েন।




Comments