দীর্ঘ আইনি লড়াই শেষে বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলা থেকে সসম্মানে খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আসিফ আকবরের ব্যক্তিগত অফিস ‘আর্ব এন্টারটেইনমেন্ট’ থেকে তাকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তার অফিস থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি করে পুলিশ। পরবর্তীতে লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে সিআইডি।
দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা এই মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। তবে প্রসিকিউশন পক্ষ আসিফ আকবরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে এই মামলা থেকে অব্যহতি বা খালাস প্রদানের সিদ্ধান্ত নেন।
রায়ের পর আসিফ আকবরের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। এর আগে গত বছরের ২৫ নভেম্বর এই মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছিল। আজ যুক্তিতর্ক শেষে আদালত চূড়ান্ত রায় ঘোষণা করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments