Image description

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে যখন ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা, ঠিক তখনই বিসিবি থেকে এলো খুশির খবর। গতবারের ধারাবাহিকতায় এবারও ক্রিকেটারদের জন্য ঈদ উপহার বা ঈদ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল বুধবার থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে। এই সিরিজের ব্যস্ততা শেষ করেই ক্রিকেটাররা পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে যাবেন। তার আগেই বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের এই বিশেষ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

বিসিবি সূত্রে জানা গেছে, জাতীয় দলের মোট ৩০ জন ক্রিকেটার এই ঈদ উপহার পাচ্ছেন। শুধু ক্রিকেটাররাই নন, উপহারের তালিকায় রয়েছেন তাদের স্ত্রী ও সন্তানরাও। সন্তানদের জন্য উপহারে থাকছে বিশেষ চকোলেট বক্স। জানা গেছে, উপহার বাবদ জনপ্রতি ১০ হাজার টাকা বাজেট নির্ধারণ করেছে বিসিবি।

ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফের সদস্য এবং দলের সহায়ক কর্মীদের (টিম বয়) জন্যও ঈদ উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।

মাঠের লড়াইয়ের প্রসঙ্গে উল্লেখ্য যে, গত বছরের অক্টোবরের পর থেকে বাংলাদেশ দল আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ না নেওয়ায় দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের মাধ্যমেই দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে শান্ত-লিটনরা।

মানবকণ্ঠ/আরআই