জামায়াত আমির
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী করার অনুরোধ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর পদমর্যাদায় পদায়নের জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লেখা এক চিঠিতে তিনি এই অনুরোধ জানান।
বিরোধীদলীয় নেতার মতে, এই পদায়নের মাধ্যমে জাতীয় সংসদে বিরোধী দলের ‘পররাষ্ট্রনীতিসমূহ’ সরকারের কাছে উপস্থাপন ও পর্যালোচনা করার সুযোগ তৈরি হবে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ভারসাম্য’ রক্ষা করা সম্ভব হবে।
চিঠিতে শফিকুর রহমান উল্লেখ করেন, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে আসছেন। তার বিশাল পেশাদার নেটওয়ার্কের মাধ্যমে তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সক্ষম হয়েছেন।
নিজের এই প্রস্তাবকে ‘নতুন’ ও ‘অভিনব’ হিসেবে অভিহিত করে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক গতিশীলতা এবং দেশের সামগ্রিক পররাষ্ট্রনীতিতে সমন্বয় আনতে এই পদায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অধ্যাপক মাহমুদুল হাসানের অভিজ্ঞতা ও বিচক্ষণতাকে রাষ্ট্রের স্বার্থে কাজে লাগানোর জন্য সরকারের প্রতি সুপারিশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া ওই চিঠিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ তথা রাষ্ট্রের জন্য আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে অধ্যাপক হাসান দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। সেই অভিজ্ঞতার আলোকেই তাকে সরকারের গুরুত্বপূর্ণ এই পদে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments