Image description

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর ভক্তদের জন্য এল এক বিশাল সুখবর। এই সিরিজের তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রেক্ষাগৃহে আসার আগেই এর চতুর্থ কিস্তি অর্থাৎ ‘ওয়েলকাম ফোর’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ‘ওয়েলকাম ফোর’ সিনেমাটিকে আগের চেয়েও বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে এর চিত্রনাট্য সাজানোর কাজ চলছে এবং দ্রুতই কাস্টিং চূড়ান্ত করা হবে। সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ফিরছেন কালজয়ী চরিত্র উদয় ভাই, মজনু ভাই ও ডক্টর ঘুঙরু। এছাড়া এই পর্বে বেশ কয়েকজন দুর্ধর্ষ খলনায়ককে দেখা যাবে, যা দর্শকদের জন্য বাড়তি চমক হিসেবে কাজ করবে।

এদিকে সিরিজের তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মুক্তি পিছিয়ে যাওয়া নিয়ে তৈরি হওয়া সব গুঞ্জন নাকচ করে দিয়েছেন নাদিয়াদওয়ালা। তিনি জানান, সিনেমাটির শুটিং ইতোমধ্যে সফলভাবে শেষ হয়েছে এবং এটি এখন মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত। অক্ষয় কুমার অভিনীত এই কিস্তিতে আরও থাকছেন আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের মতো জনপ্রিয় তারকারা।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম’ এবং ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম ব্যাক’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। আনিস বাজমি পরিচালিত আগের দুটি পর্বের বিপুল দর্শকপ্রিয়তা বজায় রেখে নতুন কিস্তিগুলোও বক্স অফিস কাঁপাবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/আরআই