Image description

রাজধানী ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে আজ বিকেলের মধ্যে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখিয়ে চলতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার সময় ছোট নৌযান চলাচল ও জানমালের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, লঘুচাপের প্রভাবে এই অস্থায়ী ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে, যা সন্ধ্যার পর প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের সময় বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে খোলা জায়গা পরিহার করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই