Image description

ঐতিহাসিক পথচলার মধ্য দিয়ে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সাতবারের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সাথে সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। অধিবেশনটি সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার আগে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বর্তমান মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, নবনির্বাচিত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ছিলেন ভূমি প্রতিমন্ত্রী। সংসদীয় কার্যক্রমে গতিশীলতা ও জ্যেষ্ঠতাকে গুরুত্ব দিয়ে তাদের এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হলো।

অধিবেশনের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অধিবেশন পরিচালনার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে প্রধানমন্ত্রী তারেক রহমান হাফিজ উদ্দিন আহমদ ও কায়সার কামালের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৬টি আসনে জয়ী হয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যার মধ্যে জামায়াত এককভাবে পেয়েছে ৬৮টি আসন।

ইতিমধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের নেতৃত্বে ত্রয়োদশ সংসদ দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংসদ সংশ্লিষ্টরা। স্পিকার নির্বাচনের পর বিধি অনুযায়ী শপথ গ্রহণ শেষে মূল কার্যক্রমের দিকে এগোবে সংসদ।

মানবকণ্ঠ/আরআই