ঐতিহাসিক পথচলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর সংসদীয় রীতি অনুযায়ী অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি করা হয়। এরপর রাষ্ট্রপতির চেম্বারে এক সংক্ষিপ্ত ও গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে এবং পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান। শপথ গ্রহণ শেষে তারা নিজ নিজ কার্যভার গ্রহণ করেন।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তার অধীনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কণ্ঠভোটে তারা নির্বাচিত হন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। অন্যদিকে, নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে তাদের এই যুগলবন্দী এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শপথ গ্রহণ শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করতে আসেন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবসহ পরবর্তী কার্যক্রম পরিচালনা করেন। নতুন এই সংসদের মাধ্যমে দেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যগণ।
মানবকণ্ঠ/আরআই




Comments