মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আগুন লাগে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এক মার্কিন কর্মকর্তার মতে, প্রাথমিক আগুন নেভানো সম্ভব হলেও ক্রু সদস্যরা এখনও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের কাজ করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘১২ মার্চ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে একটি অগ্নিকাণ্ড ঘটে, যার সূত্রপাত হয়েছিল জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে। আগুনের কারণ যুদ্ধ-সম্পর্কিত ছিল না এবং এটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাহাজের প্রপালশন প্ল্যান্ট বা ইঞ্জিন রুমের কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী রণতরীটি সম্পূর্ণ সচল রয়েছে। আহত দুই নৌসেনা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন; তাদের আঘাত প্রাণঘাতী নয় এবং তাদের অবস্থা স্থিতিশীল। ’
এতে আরও বলা হয়, ‘অতিরিক্ত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।’
একজন শিপ স্পটারের (জাহাজ পর্যবেক্ষক) তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ফোর্ড সৌদি আরবের আল ওয়াজ উপকূলে লোহিত সাগরের উত্তরাঞ্চলে অবস্থান করছিল। ফোর্ড এবং এর তিনটি এসকর্ট বা সহায়ক জাহাজ-ইউএসএস মাহান (ডিডিজি-৭২), ইউএসএস বেইনব্রিজ (ডিডিজি-৯৬) এবং ইউএসএস উইনস্টন এস. চার্চিল (ডিডিজি-৮১)—গত সপ্তাহে সুয়েজ খাল অতিক্রম করেছিল।




Comments