বিনা উইকেটে ১০৩ থেকে ২৭৪ রানে অলআউট! পাকিস্তানের শেষ ৭টি উইকেট মাত্র ৪৩ রানের মধ্যে তুলে নিয়ে ম্যাচে দারুণভাবে ফিরেছে বাংলাদেশ। স্পিনার মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খেই হারিয়ে বড় সংগ্রহের স্বপ্ন ভেস্তে গেছে সফরকারীদের। সিরিজ জয়ের জন্য মিরাজ বাহিনীর সামনে লক্ষ্য এখন ২৭৫ রান।
শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। দুই ওপেনার মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান মাত্র ১৩ ওভারেই স্কোরবোর্ডে ১০৩ রান যোগ করেন। সাদাকাত ৭৫ রানের (৫টি ছক্কা ও ৬টি চার) বিধ্বংসী ইনিংস খেলে মিরাজের শিকার হলে প্রথম ব্রেক-থ্রু পায় বাংলাদেশ। এরপর ৩১ রান করা ফারহানকে ফেরান তাসকিন আহমেদ।
শুরুর ধাক্কা সামাল দিয়ে তৃতীয় উইকেটে ১০৯ রানের বড় জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। এক পর্যায়ে মনে হচ্ছিল পাকিস্তান ৩০০ পার করবে। কিন্তু ৩৯তম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়। মিরাজের বলে সোজাসুজি খেলে দাগের বাইরে দাঁড়িয়ে বল কুড়িয়ে মিরাজকে দিতে চেয়েছিলেন সালমান। কিন্তু বল ‘ডেড’ না হওয়ায় মিরাজ তাৎক্ষণিক বল ধরে স্টাম্প ভেঙে দেন। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়ায়। ৬৪ রান করা সালমানের বিদায়ের পর একই ওভারের শেষ বলে ফিফটির আগে (৪৪ রানে) ফেরেন রিজওয়ানও।
এরপর শুরু হয় রিশাদ হোসেনের জাদু। নিজের অষ্টম ওভারে এসে হুসাইন তালাতকে ফেরানোর পর একই ওভারে রানআউটের শিকার হন আবদুল সামান। শেষ দিকে ৪৩ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে বল হাতে সফল ছিলেন রিশাদ হোসেন (৩/৫৬) ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (২/৩৪)। এছাড়া পেসার তাসকিন ও নাহিদ রানা গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
প্রথম ম্যাচে পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। আজ এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments