ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার হামলার ঘটনা ঘটেছে বাগদাদ এ অবস্থিত মার্কিন দূতাবাসে এ। হামলার পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এর এক সাংবাদিক। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে ইরাকে। বিশেষ করে দেশটিতে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই মার্কিন ও পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এরই মধ্যে ইরাকে ফরাসি সেনাদের লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া ইরাকে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ৬ জন ক্রু-ই প্রাণ হারিয়েছেন। যদিও মার্কিন বাহিনী দাবি করেছে, শত্রুপক্ষ বা নিজেদের ভুলবশত কোনও আঘাত ছাড়াই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো দাবি করেছে, তাদের হামলাতেই এই মার্কিন বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
এদিকে শুক্রবার দিবাগত রাতে ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় দ্বীপটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান হরমুজ প্রণালিতে জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত না করলে পরবর্তীতে দ্বীপটির জ্বালানি স্থাপনাতেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।




Comments