যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা
অস্কারের মঞ্চে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের পর্দা উঠছে আগামী সোমবার ভোরে। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসতে যাওয়া এই আসরে এবার সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পেয়েছে তিউনিসিয়ার আলোচিত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। তবে অস্কারের এই জমকালো অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না সিনেমাটির অন্যতম অভিনেতা ফিলিস্তিনি নাগরিক মোয়াজ মালহিস। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি (ভিসা) না পাওয়ায় তিনি এই আক্ষেপের কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মালহিস জানান, ফিলিস্তিনি নাগরিক হওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে অস্কারের মঞ্চে উপস্থিত হয়ে নিজের সিনেমার সাফল্য ও আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন করার সুযোগটি তিনি হারাচ্ছেন।
তিউনিসীয় নির্মাতা কাওথার বেন হানিয়ার এই সিনেমাটি মূলত ২০২৪ সালে গাজায় ঘটে যাওয়া পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের মর্মান্তিক মৃত্যুর সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিজের পরিবারের ছয় সদস্যসহ গাড়িতে আটকা পড়েছিল হিন্দ। দীর্ঘ সময় ধরে সে ফোনের মাধ্যমে রেড ক্রিসেন্টের কাছে বাঁচার আকুতি জানিয়েছিল। শেষ পর্যন্ত তাকে এবং তাকে উদ্ধার করতে যাওয়া দুই স্বাস্থ্যকর্মীকেও প্রাণ হারাতে হয়।
ছবিটি গত বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয়। এবার অস্কারের মনোনয়নের তালিকায় জায়গা করে নেওয়ায় সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
মোয়াজ মালহিস বলেন, "এই সিনেমার সাথে আমার আবেগ গভীরভাবে জড়িয়ে আছে। এটি কেবল একটি চলচ্চিত্র নয়, বরং যুদ্ধের মধ্যে আটকে পড়া মানুষের যন্ত্রণার প্রতীক। অস্কারের মঞ্চে উপস্থিত থেকে এই যন্ত্রণার কথা বিশ্ববাসীকে জানাতে না পারা আমার জন্য অত্যন্ত কষ্টের।"
মালহিসকে ভিসা না দেওয়ার ঘটনাটি আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। অনেকে একে বিশ্বরাজনীতি ও মানবিক সংকটের প্রতিফলন হিসেবে দেখছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments