মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রানআউটের পর মেজাজ হারিয়ে শাস্তি পেলেন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা। আউট হওয়ার ক্ষোভে মাঠে গ্লাভস ও হেলমেট ছুড়ে মারায় তাকে আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বলটি সোজা ব্যাটে খেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান। মিরাজ পা দিয়ে বলটি থামিয়ে দেন। এ সময় ক্রিজের বাইরে থাকা সালমান ও মিরাজ দুজনেই বলের দিকে হাত বাড়ান। তবে মিরাজ দ্রুত বলটি তুলে নিয়ে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন। তৃতীয় আম্পায়ার যাচাই করে সালমানকে রানআউট ঘোষণা করেন।
এমন অদ্ভুত আউটে চরম বিস্মিত ও ক্ষুব্ধ হন সালমান। ক্ষুব্ধ হয়ে হেলমেট ছুড়ে মারেন এবং চিৎকার করে গালিগালাজ করতে থাকেন। মাঠে লিটন দাসের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। এরপর সাজঘরে ফেরার পথে বাউন্ডারি লাইন পেরিয়ে আবারও নিজের সরঞ্জাম মাটিতে আছাড় মারেন এই পাকিস্তানি ব্যাটার।
অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্টের দায়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ তাকে এই শাস্তি প্রদান করেন। সালমান নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরের মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।




Comments