প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতি এগিয়ে যায়। বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপও নেবে সরকার। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যত আমাদের প্রয়াস।
রোববার (১৫ মার্চ) দুপুরে নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জুবাইদা রহমান বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী নেতৃত্বে গড়ে উঠবে ভবিষ্যত বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রথম নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন এবং নারীদের জন্য ২০ শতাংশ কোটা চালু করেছিলেন। যার ফলে আজ মেডিকেলগুলোতে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী পড়াশোনা করছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অবৈতনিক পড়াশোনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছেন।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিক বিভিন্ন নারী নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে নারী অধিকার নিয়ে আলাদা করে কথা বলার প্রয়োজন হবে না এবং প্রতিটি নারী নিরাপদ থাকবে।




Comments