শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার মানোন্নয়ন ও অবক্ষয় রোধে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, "শুধু ইসলাম শিক্ষা নয়, নৈতিক শিক্ষার প্রসার ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সব ধর্মের জন্যই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।" তিনি আরও জানান, দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটি সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনার লক্ষ্যে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে এহসানুল হক মিলন জানান, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এগুলোর গুণগত মানোন্নয়নে বদ্ধপরিকর। নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে তিনি বলেন, "দেশের প্রয়োজনীয়তা এবং ভৌগোলিক গুরুত্ব বিবেচনা করে সরকার ভবিষ্যতে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে আশার কথা শুনিয়ে মন্ত্রী বলেন, "সরকার দ্রুতই নতুন করে এমপিওভুক্তির আবেদন আহ্বান করবে। এর পাশাপাশি আগের যেসব আবেদন জমা রয়েছে, সেগুলোও পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হবে।"
আজ বেলা ১১টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। আজ থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর নির্ধারিত ৫০ ঘণ্টার আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া এই ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আজ দ্বিতীয় দিনে পদার্পণ করল। এখন থেকে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।
মানবকণ্ঠ/আরআই




Comments