Image description

ভারতের ওড়িশা রাজ্যে একটি সরকারি হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১০ জন রোগী প্রাণ হারিয়েছেন। এছাড়া আগুন নেভাতে এবং রোগী উদ্ধার করতে গিয়ে হাসপাতালের ১১ জন কর্মী গুরুতর দগ্ধ হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওড়িশার কটক শহরের বিখ্যাত এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে সোমবার ভোররাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে আগুনের সূত্রপাত হয়। সেই সময় ট্রমা সেন্টারের আইসিইউতে অন্তত ২৩ জন গুরুতর অসুস্থ রোগী চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ আগুন ও ধোঁয়ায় পুরো ইউনিট আচ্ছন্ন হয়ে পড়লে সেখানে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়।

খবর পেয়ে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আইসিইউতে থাকা ২৩ জন রোগীকে অন্যত্র সরানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু স্থানান্তরের সময় এবং ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট বেড়ে প্রথমে সাতজন এবং পরে আরও তিনজনের মৃত্যু হয়।

মুখ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালের চিকিৎসক, নার্স ও নিরাপত্তা কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের বাঁচানোর চেষ্টা করেছেন। এই সাহসী তৎপরতা চালাতে গিয়েই ১১ জন কর্মী দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।

প্রাথমিক তদন্ত শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। এসসিবি মেডিকেল কলেজটি ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় সরকারি হাসপাতাল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই