রাজবাড়ীতে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন; নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদত হোসেনের ছেলে সজীব হোসেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া।
রোববার (১৫ মার্চ) সকালে জেলার শ্রীপুরের কামালদিয়া এলাকায় ঢাকাগামী একটি আলুবোঝাই ট্রাক উল্টে গেলে ট্রাকটির হেল্পার সজীব হোসেন নিহত হন।
ঘটনার দিন হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত সজীব ট্রাকটির চালক ছিলেন। তবে পরদিন সোমবার নাটোর থেকে গাড়ির মালিক আসার পর জানা যায়, দুর্ঘটনার সময় ট্রাকটি হেল্পার চালাচ্ছিলেন।
এ ঘটনায় ট্রাকের চালক নাটোরের সোহান প্রামানিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান।
এদিকে একই দিন রাত ৮টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত মেসার্স সপ্তবর্ণা ফিলিং স্টেশনে তেল নিতে এসে সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়া নিহত হন।
স্থানীয়রা জানান, পেট্রল পাম্পে তেল নিতে আসা একটি মাহেন্দ্রকে অপর একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী খানখানাপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments