Image description

রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ সংসদীয় আসনের জনকল্যাণমূলক ও দাপ্তরিক কার্যক্রম ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) আব্দুর রহমান সানীকে ওই আসনের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক পত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য হলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে তার ওপর অর্পিত বিশাল রাষ্ট্রীয় দায়িত্ব ও জাতীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং দৈনন্দিন সমস্যা সমাধান নিশ্চিত করতে এই বিশেষ প্রতিনিধি নিয়োগ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্রে উল্লেখ করা হয়েছে, এখন থেকে আব্দুর রহমান সানী ঢাকা-১৭ আসনের জনগণের দৈনন্দিন দাপ্তরিক কাজ এবং জনকল্যাণমূলক নানা কার্যক্রম সরাসরি তদারকি করবেন। এলাকার উন্নয়ন প্রকল্পসমূহ সমন্বয় করা এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে আব্দুর রহমান সানীর প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তার এই নতুন দায়িত্বপ্রাপ্তির ফলে ঢাকা-১৭ আসনের ভোটার ও সাধারণ মানুষের দাপ্তরিক প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ আরও সহজ ও ফলপ্রসূ হবে।

সোমবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং শীঘ্রই তিনি ওই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ শুরু করবেন বলে জানা গেছে।

মানবকণ্ঠ/আরআই