দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় দেশবাসী। তবে খুশির এই দিনে বাগড়া দিতে পারে প্রকৃতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের বেশ কয়েকটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হানা দিতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ২০ বা ২১ মার্চ বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই দিনেই সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। বিশেষ করে ঈদের দিন দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী— রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাংশে ঈদের দিন কালবৈশাখীর প্রভাব সবচেয়ে বেশি থাকতে পারে। এই সময়ে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঈদের আগে ও পরে আবহাওয়ার পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকতে পারে।
এদিকে আগামীকাল বুধবার (১৮ মার্চ) সকালের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঈদের নামাজ এবং আনন্দ ভ্রমণে বের হওয়ার সময় আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে খোলা মাঠে ঈদের জামাতের ক্ষেত্রে বৃষ্টির প্রস্তুতি রাখার কথা বলা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments