Image description

যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বি১/বি২ (পর্যটন ও স্বল্পমেয়াদি সফর) ভিসার সঠিক ব্যবহার নিয়ে এক জরুরি সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ধরনের চাকরি, পেশাগত কাজ বা প্রাতিষ্ঠানিক পড়াশোনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা বা ‘বার্থ ট্যুরিজম’ নিয়ে দেশটিতে পৌঁছালে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র নবজাতকের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন, তবে সেটিকে ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। কয়েক বছর ধরে চলা এই প্রবণতা বন্ধে এবার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে ওয়াশিংটন। যারা এমন কাজ করবেন, ভবিষ্যতে তাদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে।

বি১/বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো নিয়োগকর্তার কাছ থেকে পারিশ্রমিক নেওয়া বা চাকরি করা যাবে না। এমনকি কোনো পেশাদার শিল্পী বা খেলোয়াড় হিসেবে পারিশ্রমিকের বিনিময়ে কোনো প্রদর্শনী বা প্রতিযোগিতায় অংশ নেওয়াও এই ভিসার আওতায় পড়ে না। যেকোনো ধরনের ব্যবসায়িক বা বেতনভিত্তিক কার্যক্রম এই ভিসার শর্তাবলীর সরাসরি বিরোধী।

শিক্ষার্থীদের ক্ষেত্রেও সতর্কবার্তা দিয়েছে দূতাবাস। বি১/বি২ ভিসা ব্যবহার করে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিটের জন্য ভর্তি হওয়া যাবে না। যদি কেউ পড়াশোনা করতে চান, তবে তাকে অবশ্যই আলাদাভাবে স্টুডেন্ট ভিসা (এফ-১ বা এম-১) আবেদন করতে হবে। অনেক সময় পর্যটকরা মনে করেন ছোটখাটো কোর্স করা যাবে, কিন্তু মার্কিন সরকারি বিধি অনুযায়ী প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণের জন্য ট্যুরিস্ট ভিসা ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, একবার ভিসার শর্ত ভঙ্গ করলে শুধুমাত্র সেই মুহূর্তের ভিসা বাতিলই হবে না, বরং ভবিষ্যতে নতুন করে ভিসা পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে যাবে। মার্কিন ইমিগ্রেশন বিভাগ প্রতিটি পর্যটকের পূর্বের রেকর্ড অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই করে। তাই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে ভিসার ধরণ ও এর সীমাবদ্ধতা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি।

দূতাবাস জানিয়েছে, এই ভিসা শুধুমাত্র ভ্রমণ, আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ বা চিকিৎসার মতো স্বল্পমেয়াদি ও সুনির্দিষ্ট কাজের জন্য। তাই যারা দীর্ঘ মেয়াদে থাকতে চান বা কাজের পরিকল্পনা করছেন, তাদের সঠিক ক্যাটাগরির ভিসার জন্য আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই