Image description

বিশ্ববিখ্যাত জাপানি অ্যানিমেশন সিরিজ ‘ডোরেমন’-এর কারিগর এবং কিংবদন্তি পরিচালক শিবায়ামা সুতোমু মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে কোটি কোটি ডোরেমন ভক্ত ও অ্যানিমেশন প্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর প্রতিষ্ঠিত স্টুডিও ‘আজিয়া-দো অ্যানিমেশন ওয়ার্কস’-এর পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে এই দুঃসংবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, শিবায়ামা সুতোমু গত ৬ মার্চ মারা গেছেন। পরিবারের ইচ্ছানুযায়ী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে তাঁর অগণিত ভক্ত ও অনুরাগীদের জন্য পরবর্তীতে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হতে পারে।

জাপানে ‘ফাদার অফ ন্যাশনাল অ্যানিমেশন’ হিসেবে পরিচিত শিবায়ামা সুতোমু ১৯৬৩ সালে ‘তোয়ে অ্যানিমেশন’-এ কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ‘শিন-এই অ্যানিমেশন’-এ যোগ দেন। ডোরেমনের ১৯৭৯ সালের টেলিভিশন সিরিজ থেকে শুরু করে টানা ২২ বছর এই ফ্র্যাঞ্চাইজির ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার গুরুদায়িত্ব পালন করেন তিনি। তাঁর সৃজনশীল নির্দেশনায় ডোরেমন জাপানের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি শিশুর শৈশবকে রাঙিয়েছে।

ডোরেমন ছাড়াও ‘চিনবি মারুকো-চান’, ‘লুপিন থ্রি’ এবং ‘মাজিমে নি ফুমাঝিমে কাইকেতসু জোরোরি’-র মতো কালজয়ী অ্যানিমে সিরিজেও তাঁর অনন্য অবদান রয়েছে। ১৯৭৮ সালে ওসামু কোবায়াশি এবং মিচিশিরো ইয়ামাদার সঙ্গে মিলে তিনি ‘আজিয়া-দো অ্যানিমেশন ওয়ার্কস’ প্রতিষ্ঠা করেছিলেন। ডোরেমনের মতো কালজয়ী চরিত্রকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

মানবকণ্ঠ/ডিআর