Image description

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (২১ মার্চ) রাজধানীর মিরপুরে নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ঈদ জামাতে তিনি অংশ নেন।

নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান হিংসা-বিদ্বেষ ভুলে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দেশ গঠনে আমাদের যার যার অবস্থান থেকে সততার সাথে কাজ করতে হবে। শুধু দুনিয়া নয়, আখিরাতের কল্যাণের কথা মাথায় রেখে জীবন গঠন করলেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।”

এ সময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানান তিনি। তবে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “ঈদযাত্রায় গণপরিবহনে ভাড়া কেলেঙ্কারি এবং দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে আমরা জাতির কাছে লজ্জিত। মানুষের ঈদযাত্রা আরামদায়ক করা সরকারের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের সাথে এমন আচরণ অমানবিক ও অপরাধের শামিল।”

বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে বিরোধীদলীয় এই নেতা বলেন, “আজ গাজা ও ইরানে বর্বরতা চলছে। ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের ওপর যে জুলুম হচ্ছে, তার অবসান হওয়া প্রয়োজন। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ নিশ্চয়ই মজলুমদের বিজয় দান করবেন, ইনশাআল্লাহ।”

নামাজ শেষে ডা. শফিকুর রহমান সাধারণ মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

মানবকণ্ঠ/ডিআর