মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তাপের মধ্যেই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে উপসাগরীয় দেশ ওমান। গত দুদিন ধরে দেশটিতে বয়ে যাওয়া প্রবল বজ্রবৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
ওমান নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলায়াত থেকে উদ্ধারকারী দল আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। এর আগে শনিবার (২১ মার্চ) রাতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। এদের মধ্যে দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের ওয়াদি আল মাউইলে তিনটি যানবাহন তীব্র স্রোতের তোড়ে ভেসে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে জরুরি বিভাগ।
ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে বর্তমানে ‘নিম্নচাপ আল-মুসাররাত’-এর প্রভাব চলছে। এর ফলে আজ রোববারও (২২ মার্চ) মাস্কাট, দক্ষিণ আল বাতিনাহ, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়াহ, আল উস্তা, আদ দাখিলিয়াহ এবং আদ দাহিরাহ অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল কমিটি ফর এমার্জেন্সি ম্যানেজমেন্ট (NCEM) বিভিন্ন অঞ্চলে তাদের জরুরি কেন্দ্রগুলো সক্রিয় করেছে। মাস্কাট এবং আল বাতিনাহ উপকূলীয় অঞ্চলের অনেক রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়ায় যাতায়াত ব্যাহত হচ্ছে। প্লাবিত উপত্যকা বা ‘ওয়াদি’ পার হওয়ার সময় দুর্ঘটনার ঝুঁকি থাকায় চালকদের কঠোর সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিচু এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।
সূত্র: গালফ নিউজ।
মানবকণ্ঠ/ডিআর




Comments