গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেছেন, জনগণের সঙ্গে কেউ ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার দাপট এবং আধিপত্য বিস্তার করবেন না। মানুষ যেন বলতে না পারে বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছি। বিএনপির প্রতিটি নেতাকর্মীর কর্মকাণ্ড এবং আচরণে মানুষ সন্তুষ্ট হতে হবে। আপনারা মানুষের জন্য কাজ করেন। কে কোন দল করে, কোন ধর্ম করে সেটা নয়, আমরা বাংলাদেশি। দয়া করে কোনো অন্যায় কাজে জড়িত হবেন না।
কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
জাকারিয়া তাহের সুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করছেন। তিনি দেশকে পরিবর্তন করতে চান। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আমরা একটা কঠিন সময় পার করছি। আপনারা ধৈর্য ধরেন।
মন্ত্রী বলেন, গত ১৭-১৮ বছরে আমরা দৌড়ের উপর ছিলাম। কারো হক নষ্ট করবেন না। আগে নিজের ঘর, আত্মীয় স্বজন ঠিক করেন। ন্যায়ের পক্ষে থাকেন। আমরা জনগণের ভোটে হইছি। জনগণের উপর ক্ষমতা দেখাবেন না। আমি যেন আপনাদের আশা পূরণ করতে পারি।
তিনি বলেন, আমি বরুড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অনেক কষ্ট করে আমাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। এরপর আমি এত বড় বিশাল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আমি শুধুমাত্র দলের এমপি হিসেবে নয়, আমি বরুড়াবাসীর এমপি হিসেবে কাজ করতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে আমি কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, তা ধীরে ধীরে বাস্তবায়ন হবে। তার মধ্যে বরুড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট গুলোকে মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক কিছু সমস্যা আছে আমি প্রত্যেক এলাকার মুরুব্বিদের বলব আপনারা ছোটখাটো বিষয়গুলো স্থানীয়ভাবে মীমাংসা করবেন। তিনি সবাইকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।
বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি, বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার ওসি আজহারুল ইসলাম, বরুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট খায়রুল এনাম তৌফিক, অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত, সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ।




Comments