Image description

রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠনের অংশ হিসেবে তথ্য ক্যাডারের দুইজন কর্মকর্তাকে উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করে এই আদেশ জারি করা হয়।

একই আদেশে, তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে প্রেষণে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

বর্তমানে মো. সরওয়ার আলম সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বাধীন প্রেস উইংয়ে নতুন করে এই দুই কর্মকর্তাকে যুক্ত করল সরকার।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির প্রেস উইংয়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগের প্রেস সচিব সরওয়ার আলমকে পুনরায় নিয়োগ দেওয়া হয় এবং বর্তমানে উইংটি নতুনভাবে সাজানো হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর