‘সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি’
রাজধানীর মগবাজারে কম দামে পাঞ্জাবি বিক্রিকে কেন্দ্র করে ব্যবসায়ী সিন্ডিকেটের চাপ, হুমকি ও দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় শেষ পর্যন্ত দেশ ছাড়ার ঘোষণা দিয়েছেন ‘নবীন ফ্যাশন’-এর ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে এনামুল হাসান নবীন লিখেছেন, “সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।”
এর আগে মঙ্গলবার সকালেই মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রবাস থেকে ফিরে তিনি ইনসাফভিত্তিক ব্যবসা শুরু করলেও স্থানীয় সিন্ডিকেটের বাধার মুখে পড়েছেন। তিনি বলেন, “মগবাজার দিয়ে আসার সময় অনেক ভয়ে ছিলাম। কেউ আবার শহীদ ওসমান হাদির মতো আমাকে গুলি করে না দেয়, সেই ভয়ে গাড়ির জানালার পর্দা নামিয়ে এসেছি। এত ভয় নিয়ে এ দেশে কেন ব্যবসা করব?”
তিনি আরও অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজ মুছে ফেলতে এবং অন্য ব্যবসাগুলোও বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। নবীন জানান, তার প্রতিষ্ঠানে প্রতিবন্ধী, হিজড়া ও মাদক থেকে ফিরে আসা ব্যক্তিরা কাজ করেন এবং সরবরাহকারীরা কম দামে পণ্য দেওয়ায় তিনি ৩০০ টাকায় পাঞ্জাবি-পাজামা বিক্রি করতে সক্ষম হন।
অভিযোগ অনুযায়ী, পাশের দোকান ‘প্রিন্স’-এর মালিক মাইকেলসহ অন্যান্য ব্যবসায়ীরা দাবি করেছিলেন যে, ওই মার্কেটে সাড়ে চার হাজার টাকার নিচে পাঞ্জাবি এবং দেড় হাজার টাকার নিচে পাজামা বিক্রি করা যাবে না। এই অঘোষিত নিয়মের প্রতিবাদ করায় গত ২০ মার্চ পুলিশের সহায়তায় জোরপূর্বক তার দোকান বন্ধ করে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
সরকারের সহযোগিতা না পাওয়ার আক্ষেপ প্রকাশ করে এই প্রবাসী উদ্যোক্তা বলেন, সাধারণ মানুষের জন্য কিছু করতে গেলেও এখানে প্রাণভয়ে থাকতে হয়। এই পরিস্থিতির শিকার হয়েই তিনি তার দীর্ঘদিনের স্বপ্ন ও ব্যবসা গুটিয়ে পুনরায় প্রবাসে ফিরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments