Image description

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুদ্ধটি প্রত্যাশার চেয়ে দ্রুত শেষ হয়ে যাওয়ায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কিছুটা ‘হতাশ’ হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা বিজয়ী হয়েছি। এ যুদ্ধে ইতোমধ্যে আমাদের জয় এসে গেছে। আমরা তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, অস্ত্রাগার এবং বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস করেছি। কিছু সংবাদমাধ্যম ভুয়া খবর ছড়ালেও সত্য হলো—আমরা জয়ী হয়েছি।”

প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, ইরানে কার্যকরভাবে সরকার পরিবর্তন হয়েছে এবং বর্তমান নেতৃত্ব আগের চেয়ে ‘ভিন্ন’। নতুন এই নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সরাসরি সংলাপে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ফেব্রুয়ারি মাসে ২১ দিনব্যাপী আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।

যৌথ এই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং আইআরজিসি-র জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরানে এখন পর্যন্ত দুই সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল ও ছয়টি উপসাগরীয় দেশের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। তবে যুদ্ধের এই উত্তেজনার মধ্যেই নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫ দফা সম্বলিত একটি প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন।

মানবকণ্ঠ/ডিআর