বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞায় বড় ধরনের স্বস্তি পেয়েছে দক্ষিণ কোরিয়া। ওয়াশিংটনের বেঁধে দেওয়া বিশেষ কিছু শর্ত মেনে সিউল এখন থেকে রাশিয়ার নির্দিষ্ট কিছু জ্বালানি পণ্য আমদানি করতে পারবে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া সরকার। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই ট্রাম্প প্রশাসন সিউলকে এই নমনীয়তা দেখিয়েছে।
বুধবার (২৫ মার্চ) দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা ইয়াং গি-উক এক বিবৃতিতে জানান, রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার পর সিউল নিশ্চিত হয়েছে যে, তারা রাশিয়ার জ্বালানি পণ্য কিনতে পারবে। তবে এক্ষেত্রে মূল শর্ত হলো লেনদেন অবশ্যই মার্কিন ডলার ব্যতীত অন্য কোনো মুদ্রায় সম্পন্ন করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রমতে, এই বিশেষ সমঝোতার আওতায় লেনদেন করলে দক্ষিণ কোরিয়াকে কোনো ধরনের ‘সেকেন্ডারি স্যাংশন’ বা আনুষঙ্গিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন বর্তমানে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম কমিয়ে আনতে মরিয়া হয়ে কাজ করছে। চলতি মাসের শুরুর দিকে কয়েক কোটি ব্যারেল রাশিয়ান তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছিল, দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই সমঝোতা তারই ধারাবাহিকতা। আন্তর্জাতিক জ্বালানি যুদ্ধের এই আবহে সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আনতেই যুক্তরাষ্ট্র এমন কৌশলগত অবস্থান গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: সিএনএন
মানবকণ্ঠ/আরআই




Comments