দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেলের অবৈধ মজুত সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদানকারী ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
শুক্রবার (২৭ মার্চ) এক বিশেষ বার্তার মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তেলের সরবরাহ ব্যবস্থা তদারকি করতে ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় বিশেষ 'ভিজিলেন্স টিম' গঠন করা হয়েছে। যারা সুনির্দিষ্ট তথ্য দিয়ে অবৈধ মজুতদারদের ধরতে সহায়তা করবেন, তাদের জন্য খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। এ লক্ষ্যে সচেতন নাগরিকদের যেকোনো অভিযোগ বা পরামর্শ প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
জ্বালানি তেলের অবৈধ মজুত রুখতে দেশজুড়ে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে সংরক্ষিত প্রায় ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন।
মন্ত্রণালয় আরও জানায়, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন এখন অত্যন্ত কঠোর। বর্তমানে দেশের সব তেল ডিপো, পেট্রলপাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রশাসনের নিবিড় নজরদারির আওতায় রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments