Image description

বলিউডে মাঝে মধ্যেই অভিনেত্রীদের থেকে ‘কাস্টিং কাউচ’ নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা শোনা যায়। তবে কেবল অভিনেত্রীরাই নন, এই নোংরা বিষয়টির মধ্য দিয়ে যে অনেক অভিনেতাকেও যেতে হয় সেটা অধিকাংশ সময়েই প্রকাশ্যে আসে না।

সম্প্রতি বলিউডে নিজের এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা সামনে এনেছেন ‘ধুরন্ধর’ খ্যাত তারকা অভিনেতা রণবীর সিং। বর্তমানে তার ক্যারিয়ারে তুঙ্গে। কিন্তু একসময়ে বহিরাগত হিসেবে বলিউডে এসে জায়গা তৈরি করে নেওয়া সহজ ছিল না তার জন্য।  তখনই এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন তিনি।

এক সাক্ষাৎকারে রণবীর সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। কাজের সূত্রেই এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার। সেই ব্যক্তি রণবীরকে বলেছিলেন, শোবিজ অঙ্গনে টিকে থাকতে হলে চতুর হওয়ার পাশাপাশি শারীরিক আকর্ষণ থাকা জরুরি। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি রণবীরের শারীরিক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। রণবীর অস্বস্তি বোধ করলেও ওই ব্যক্তি তাকে শুধু একবার স্পর্শ করার বা দেখার অনুমতি চান। তখনই রণবীর সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

সেই তীক্ত অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রণবীর জানান, ওই ব্যক্তির আচরণে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তাকে চড় মারতে ইচ্ছা করছিল। তবে ক্যারিয়ারের কথা ভেবে সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করেছিলেন তিনি।

ওই ব্যক্তির নাম অবশ্য প্রকাশ করেননি রণবীর। তবে অভিযুক্ত ওই ব্যক্তি আরও একজন উঠতি অভিনেতার সঙ্গেও এমন কিছুই করেছিলেন বলে জানান তিনি।

কাস্টিং কাউচ সম্পর্কে ‘ধুরন্ধর’ খ্যাত এই অভিনেতার মত, ‘সত্যিই এই সব ঘটে থাকে। আমার নিজেরই অভিজ্ঞতা রয়েছে। সেই দিন উনি আমাকে ওই প্রস্তাব দেওয়ার সময়ে আমার মাথায় নানা ভাবনা আসছিল। মনে হচ্ছিল, আমি হয়তো রাগে ফেটে পড়ব অথবা ওই লোকটার মুখে ঘুসি মেরে দেব।’