প্রথম সিনেমার আনন্দ ভাগ করে নিতে ঢাকায় এলেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রিন্স’-এর মাধ্যমে প্রথমবার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। জানা গেছে, গত ২৬ মার্চ ঢাকায় পৌঁছান এই অভিনেত্রী।
বাংলাদেশে এসেই রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স-এ ছুটে যান জ্যোতির্ময়ী।
সেখানে দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেন নিজের অভিনীত সিনেমা। পরে হল ভিজিটের অংশ হিসেবে যান মিরপুরের সনি সিনেপ্লেক্স-এ। এদিন মেরুন শাড়িতে উপস্থিত হয়ে দর্শকদের নজর কাড়েন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যোতির্ময়ী বলেন, ‘প্রথমবার দর্শকদের সঙ্গে প্রিন্স উপভোগ করলাম। সিনেমা দেখার পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরব এবং কাচ্চি বিরিয়ানি খাব। এখনকার কাচ্চি বিরিয়ানির অনেক রিভিউ শুনেছি। এর স্বাদ মিস করতে চাই না।’
পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী ২০২৪ সালে ‘বধূঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন এবং অল্প সময়েই দর্শকের নজর কাড়েন।




Comments