Image description

ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত এক নজিরবিহীন রূপ নিয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্রের গায়ে এবার দেখা গেছে ‘ধন্যবাদ ভারতের জনগণ’ (Thank You People of India) লেখা বার্তা। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল ভবন এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ এমন কিছু ক্ষেপণাস্ত্রের ছবি জনসমক্ষে এনেছে।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের কালিতে ক্ষেপণাস্ত্রের গায়ে ভারতসহ জার্মানি, স্পেন এবং পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব দেশের সাধারণ মানুষ ইরানের জনগণের প্রতি যে সহানুভূতি ও মানবিক সমর্থন দেখিয়েছেন, তার স্বীকৃতিস্বরূপ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে ৮৩তম ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের আশদোদ শহরের জ্বালানি তেলের ডিপো, মোদিন শহরের সামরিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের মিলিটারি ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্রেই বন্ধুপ্রতিম দেশগুলোর জনগণের প্রতি ধন্যবাদ বার্তা লেখা ছিল।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার মাঝে ইরানকে খাদ্য ও ওষুধ দিয়ে মানবিক সহায়তা প্রদান করছে ভারত। বিশেষ করে ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের বাসিন্দারা গণচাঁদা তুলে বড় অঙ্কের অর্থ সহায়তা পাঠিয়েছেন। এমনকি অনেক কাশ্মীরি নারী তাদের স্বর্ণালঙ্কার পর্যন্ত দান করেছেন ইরানের জন্য। ভারতের ইরানি দূতাবাস এই সহায়তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে এবং জানিয়েছে, ভারতীয় জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও সংহতি ইরান কখনো ভুলবে না।

সূত্র : ইন্ডিয়া টুডে

মানবকণ্ঠ/আরআই