Image description

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের সরকারি ডিপো থেকে তেল সরবরাহের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই সময়সূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী সারাদেশে জ্বালানি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এখন থেকে দেশের প্রধান স্থাপনা বা ডিপোগুলো থেকে সকাল ৭টা থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে এবং এই কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। এর আগে ডিলাররা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তেল সংগ্রহের সুযোগ পেতেন।

বিপিসি জানিয়েছে, দেশের ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পগুলোতে তেল সরবরাহ ব্যবস্থা আরও সুশৃঙ্খল ও নিশ্চিত করতেই এই সময় পরিবর্তন করা হয়েছে।

এদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছে যে, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের কৃত্রিম সংকট বা ঘাটতির আশঙ্কা নেই।

জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এরই অংশ হিসেবে সারাদেশের ১৯টি গুরুত্বপূর্ণ তেল ডিপোতে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই