Image description

বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা অপরিবর্তিত রাখা সরকারের একটি বড় সাফল্য বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সরকারের পূর্বপরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনার কারণেই এটি সম্ভব হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা কৃষিবান্ধব নীতি গ্রহণ করায় এবং আগাম পরিকল্পনা থাকায় সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়তে দিইনি। এটি সরকারের একটি অন্যতম বড় অর্জন।"

তিনি আরও জানান, বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার পাশাপাশি দায়িত্ব গ্রহণের প্রথম এক মাসে সরকারের (বিএনপি নেতৃত্বাধীন) অর্জন ও আগামী দিনের চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।

বোরো মৌসুমে কৃষকদের সেচ কাজে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য সরকার ভর্তুকি দিয়ে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত করছে বলে জানান মন্ত্রী। একইসঙ্গে তেলের চোরাচালান রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "তেল চোরাচালানের বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এটি বন্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মানবকণ্ঠ/আরআই