Image description

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি এবং দাপ্তরিক কাজের খোঁজখবর নেন।

সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তিনি ৬ নম্বর ভবনের বিভিন্ন তলায় গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি, সমাজকল্যাণ, পানিসম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী বিভিন্ন কক্ষে প্রবেশ করে কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলেন এবং দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবগত হন। বিশেষ করে, সরকারি কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন কি না—সে বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সকাল ১০টার দিকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি ‘কৃষক কার্ড’-এর একটি ডেমো প্রদর্শনী প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

মানবকণ্ঠ/আরআই