Image description

তিন দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইসরায়েলি হামলায় দেশটির বিশেষ সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনীর কমান্ডার আলি রেজা তাংসিরির মৃত্যু নিশ্চিত করেছে ইরান। সোমবার (৩০ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’-তে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৬ মার্চ ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আলি রেজা তাংসিরি মৃত্যুবরণ করেন।

এর আগে গত ২৬ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক ঘোষণায় দাবি করেছিলেন যে, দেশটির সেনাবাহিনীর একটি ‘সুনির্দিষ্ট ও প্রাণঘাতী’ অভিযানে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার তাংসিরিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের এই দাবির তিন দিন পর আজ আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করে নিল তেহরান।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের নৌবাহিনী প্রধানের এই মৃত্যু একটি বড় ধরনের সামরিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আলি রেজা তাংসিরি দীর্ঘদিন ধরে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের নৌ-প্রতিরক্ষা কৌশলের নেতৃত্বে ছিলেন। তার মৃত্যুতে ওই অঞ্চলে ইরান ও ইসরায়েলের মধ্যকার ছায়া যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মানবকণ্ঠ/আরআই