Image description

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) আফজাল নাছেরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় আসামিদের ছোড়া গুলিতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ মানুষের ওপর হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মানবকণ্ঠ/আরআই